রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকেও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনগুলোর গৃহীত কার্যক্রমের পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যেকোনো মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত বাসাবাড়িসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে। সিটি করপোরেশনের নিকট থেকে অনুমতি নিতে গিয়ে যাতে করে কেউ হয়রানির শিকার না হয় সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকতে হবে।
আসন্ন বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না উল্লেখ করে তিনি বলেন, আসন্ন বর্ষায় জলাবদ্ধতার কারণে যেন জনভোগান্তি না হয় সে লক্ষ্যে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক।
সভায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ররা জানান ঢাকা সিটির অভ্যন্তরীণ খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করায় এই খালগুলো সংস্কার করাসহ সিটি করপোরেশনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় গত বর্ষা মৌসুমে তেমন জলাবদ্ধতা দেখা যায়নি। এ সময় তিন মেয়র তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।